বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেতুর টোল সংক্রান্ত বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৪ পিএম
চাঁদপুর সেতুর টোল সংক্রান্ত বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে চাঁদপুর সেতুর টোল সংক্রান্ত বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন “চাঁদপুর সেতু” টোল সংক্রান্ত বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ২০২৬খ্রিঃ) তারিখ দুপুরে চাঁদপুর  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
বিগত গত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের আগ থেকে শহরতলীর ইসলামপুর গাছতলাস্থ ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ রয়েছে।
আন্দোলনের মুখে এই সেতুর টোল আদায় সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। যা স্থানীয়দের বাধার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে টোল আদায় পুনরায় চালু বা বন্ধ রাখা নিয়ে অংশীজনদের (stakeholders) মতামত গ্রহণ করা হয়।
এই সভা মূল উদ্দেশ্য হলো স্থানীয়দের ক্ষোভ নিরসন করে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করে সেতুর টোল পুনরায় চালু করার পথ খোঁজা। একই সাথে, টোল আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে অংশীজনদের মতবিনিময় করা হচ্ছে।
সভার শুরুতে চাঁদপুর সেতু’র ইজারা দেয়া সত্ত্বেও নির্দিষ্ট মেয়াদে টোল আদায় বন্ধ এবং পুনরায় টোল আদায়  সংক্রান্ত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন
সওজ সড়ক বিভাগ, চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) মোহাঃ ইউনুস আলী।
অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ,শিক্ষক প্রতিনিধি চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন (বাহার),চাঁদপুর বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,বাস-মিনি বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিয়াজী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম,সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক কাজী ও ইজারাদার প্রতিনিধি
আমিনুল ইসলাম বাদল প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান,চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহানসহ অন্যরা এবং সওজ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সেতুর টোল আদায় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের মতামত তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে, টোল আদায় বন্ধ হয়ে গেলে সরকার রাজস্ব হারাবে এবং বর্তমান ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এর বিপরীতে যানবাহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবি জানান।
সভায় আরও প্রস্তাব করা হয়, বর্তমান ইজারাদারের মেয়াদ শেষ হলে পুনরায় ইজারা না দেওয়া এবং আপাতত টোল আদায় চালু থাকলে প্রতিটি যানবাহন থেকে দিনে একবারের বেশি টোল না নেওয়া। সিএনজি অটোরিক্সার বিষয়ের ছাড় দেওয়া।
পাশাপাশি প্রাইভেট ও যাত্রীবাহী যানবাহনের জন্য নির্ধারিত টোল হার নির্দিষ্ট করে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের আগে অংশীজন, চাঁদপুর-৩ সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক  ও ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের সঙ্গে আলোচনা করার প্রস্তাব করা হয়।
সভায় গৃহীত মতামত প্রেরণ এবং  পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে,চাঁদপুর সেতুর টোল আদায়কারী ইজারাদার আমিনুল ইসলাম বাদল জানান,চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের এমপি উপস্থিতিতে সমন্বয় সভা করে আমাদেরকে টোল আদায়ের সিদ্ধান্ত দিতে হবে। তা না হলে আমাদের ইজারার তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা আছে, ক্ষতিপূরণসহ আমাদের টাকা ফেরত দেওয়া হোক।
অপরদিকে, সওজ চাঁদপুর নির্বাহী প্রকৌশলী জানান,২০২৪ সালের জুন মাসে তিন বছরের জন্য চাঁদপুর সেতু ৯ কোটি টাকা ইজারা দেয়া হয়।৩০/৬/২০২৭ পর্যন্ত এর মেয়াদ রয়েছে।
সরকারি আইনে আছে রাজস্ব আদায় বন্ধ করা যাবে না। ইজারাদার তার নির্দিষ্ট মেয়াদে যাতে টোল আদায় কার্যক্রম করতে পারে এজন্য অংশীজনদের নিয়ে আমাদের এই সভা।
টোল বন্ধ থাকার ফলে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
অংশীজনের মতামত: সভায় পরিবহন শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং ছাত্র প্রতিনিধিরা টোল বন্ধের পক্ষে বা টোলের হার কমানোর দাবি এবং মতামত তুলে ধরেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।