হাজীগঞ্জে দমকা হাওয়া ও বৃষ্টি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী
সকাল থেকে বৃষ্টিতে শিক্ষার্থীরা এভাবেই শিক্ষার্থী কলেজে যাচ্ছে। ছবিটি হাজীগঞ্জ বাজার থেকে তোলা।
চাঁদপুরের হাজীগঞ্জে কালবৈশাখী ঝড়ের রেশ কাটতে না কাটতেই আবারও দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও খেটে-খাওয়া মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শুরু হওয়া কালবৈশাখী ঝড় মধ্যরাত পর্যন্ত তাণ্ডব চালায়। পরদিন সোমবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার সকাল থেকে আবারও দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। ফলে প্রয়োজনীয় কাজ নিয়ে বের হওয়া মানুষজন পড়েন চরম বিপাকে।

সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীদের অনেককে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। হাজীগঞ্জের এক কলেজছাত্রী রিয়া আক্তার বলেন, “সকালে আবহাওয়া ভালো থাকায় কলেজে এসেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আটকা পড়ে যাই। পরে বাধ্য হয়ে ভিজেই বাড়ি ফিরতে হচ্ছে।”

আরেক শিক্ষার্থী অর্পিতা আক্তার জানান, “রোববার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে খুব ভয় পেয়েছিলাম। মঙ্গলবার আবারও বৃষ্টি শুরু হলে কলেজ থেকে ফেরার পথে আটকা পড়ি। পরে বান্ধবীদের সঙ্গে একটি হোটেলে আশ্রয় নিতে হয়েছে।”

বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, “সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে দোকানে ক্রেতা নেই। সকালে যে মালামাল তুলেছি, তা বিক্রি করতে এখন সমস্যায় পড়তে হবে।”
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির কারণে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে তীব্র গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।





