শাহরাস্তি পৌরসভার সর্বোচ্চ করদাতা আক্তার হোসেন পাটোয়ারীকে সম্মাননা
শাহরাস্তি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পৌরসভার প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসম্পাদন সহায়তা প্রদান বিষয়ক সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে আক্তার হোসেন পাটোয়ারী ৩ লাখ ৪৯ হাজার টাকা পৌরকর পরিশোধ করে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, পৌরসভা মূলত বিকেন্দ্রীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা শহরের নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করে। এ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় সরকারের বরাদ্দ ও নাগরিকদের করের ওপর নির্ভর করে। নিয়মিত কর প্রদান নাগরিক দায়িত্ব, আর পৌরসভার দায়িত্ব হচ্ছে সেই করের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নাগরিক সেবা বৃদ্ধি করা।

সর্বোচ্চ করদাতা আক্তার হোসেন পাটোয়ারী বলেন, “যেকোনো স্বীকৃতি আনন্দের ও গর্বের। আমি নিয়মিত কর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হতে পেরে গর্বিত। ব্যবসা ভালো থাকলে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো এবং অন্যদেরও কর প্রদানে উৎসাহিত করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,উপজেলা প্রকৌশলী মইনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, প্রধান সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌরসভার যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, যুবদলের সাবেক কনভেনার আবুল কাশেম আকাশ।





