বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামী ‘মাদক সম্রাট’ খোরশেদসহ গ্রেফতার ২

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৪৭ পিএম
শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামী ‘মাদক সম্রাট’ খোরশেদসহ গ্রেফতার ২
চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৩টি মাদক মামলার আসামী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে পরিচিত কুখ্যাত ‘মাদক সম্রাট’ খোরশেদ আলম (৪৪) এবং অপর মাদক কারবারি বোরহান উদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এ গ্রেফতারের ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) আমির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় অভিযান পরিচালনাকালে দোয়াভাঙ্গা-চাঁদপুর হাইওয়ে সড়কের দক্ষিণ পাশের ‘চৌধুরী মঞ্জিল’ এলাকা থেকে খোরশেদ আলম ও বোরহান উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে খোরশেদের কাছ থেকে ২০ পিস এবং বোরহানের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা এলাকার মৃত আরব আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও তিনি ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। অপর আসামী বোরহান উদ্দিন দৈলবাড়ী এলাকার আব্দুল কাদিরের ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২১ ও জিআর নং-১২২, তারিখ ১৪ মে ২০২৬।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।