জগতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ এলাহী সুবাস
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস।

কমিটি অনুমোদনের খবর এলাকায় পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজের মাঝে আনন্দের আমেজ সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে নবনিযুক্ত সভাপতি মাসুদ এলাহী সুবাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাঁর মেধা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে জগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন গতি আসবে। বিদ্যালয়টি ভবিষ্যতে একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পিপলকরার গাজী রুবেল বলেন, “মাসুদ এলাহী সুবাস ভাইয়ের মতো একজন যোগ্য, শিক্ষানুরাগী ও দূরদর্শী ব্যক্তিত্ব জগতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”

নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব মোহাম্মদ ছাদেক আলী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), শিক্ষক প্রতিনিধি মোঃ মাহবুবুল হক, অভিভাবক প্রতিনিধি মোঃ জামাল হোসেন।





