বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নতুন ইউএনও মনিরা খাতুনের যোগদান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৫৯ পিএম
শাহরাস্তিতে নতুন ইউএনও মনিরা খাতুনের যোগদান
শাহরাস্তি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনিরা খাতুন।
সোমবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ৯ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে ‘সরকারি দাবি আদায় আইন, ১৯১৩’-এর ধারা ৩(৩) অনুযায়ী তাঁকে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবনিযুক্ত ইউএনও মনিরা খাতুনের নিজ জেলা কুমিল্লা।
তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থেকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
তাঁর স্বামী বর্তমানে হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। তারা এক কন্যা সন্তানের জনক-জননী।
এদিকে, শাহরাস্তিতে যোগদানের সময় নবাগত ইউএনও মনিরা খাতুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী ইউএনও নাজিয়া হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও নাজিয়া হোসেন ২০২৫ সালের ১০ আগস্ট শাহরাস্তি উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। শাহরাস্তিতে যোগদানের আগে তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। শাহরাস্তিতে প্রায় ৯ মাস ৮ দিন দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে সুনাম অর্জন করেন। এছাড়া তিনি পরবর্তী কর্মস্থল  কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital