শিক্ষার্থীদেরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে : ডা. আজাদ
এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:১৩ এম
সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ–এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একাংশ।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ–এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন গাজী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারী শিক্ষক মাহমুদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, গীতা পাঠ, জাতীয় সংগীত, নৃত্য ও নাট্য প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “শিক্ষা জাতির অধিকার। শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের যেভাবে সুশিক্ষা দেওয়া হয়, একইভাবে দশম শ্রেণির শিক্ষার্থীদেরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়–এর প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলী বালিকা উচ্চ বিদ্যালয়–এর প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





