বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আট বছরের অপেক্ষার পরও বাবার দেখা হলো না মেয়ের মুখ, পানিতে ডুবে প্রাণ গেল রাধিফার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৯ পিএম
আট বছরের অপেক্ষার পরও বাবার দেখা হলো না মেয়ের মুখ, পানিতে ডুবে প্রাণ গেল রাধিফার

চাঁদপুরের ফরিদগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে ইন্তেকাল করেছে প্রবাসী দম্পতির একমাত্র কন্যা সন্তান তাশফিয়া আক্তার রাধিফা। শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উভরামপুর তালুকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার পর ঘরের পাশের পুকুরে পড়ে যায় ছোট্ট রাধিফা। পরে পাশের বাড়ির এক ছেলে তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাধিফা সৌদি প্রবাসী রাশেদ তালুকদার ও জান্নাত আক্তারের একমাত্র কন্যা সন্তান। বিয়ের আট বছর পর তাদের ঘর আলো করে জন্ম হয়েছিল রাধিফার। কিন্তু নির্মম বাস্তবতা হলো—প্রবাসে থাকার কারণে জন্মের পর একবারের জন্যও নিজের মেয়ের মুখ দেখতে পারেননি বাবা রাশেদ তালুকদার। আগামী মাসের ১৩ তারিখ দেশে ফেরার টিকিট কেটে কত স্বপ্ন আর অপেক্ষায় দিন গুনছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই অপেক্ষা চিরতরে শেষ হয়ে গেল।

এ হৃদয়স্পর্শী ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

Model Hospital

আল্লাহ তায়ালা নিষ্পাপ ছোট্ট রাধিফাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital