বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার পরিকল্পনার অভিযোগ, দেশি অস্ত্র উদ্ধার

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:০১ পিএম
কচুয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার পরিকল্পনার অভিযোগ, দেশি অস্ত্র উদ্ধার

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির জেরে সচেতন মহলের উপর হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে। শনিবার সকালে খানকা মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীরা হামলার উদ্দেশ্যে সেখানে ধারালো অস্ত্র মজুত করে রাখে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, আইনগিরী এলাকার এরশাদ উল্লাহ ও বাতাবাড়িয়া গ্রামের মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাসুদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার হওয়ায় আতঙ্ক সৃষ্টি করতে এ হামলার পরিকল্পনা করা হয়।

Model Hospital

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।