চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ, সাদ্রা দরবারে সকাল ৮:৩০-এ প্রথম জামাত
মধ্যপ্রাচ্যের সঙ্গে সময়ের মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

জানা গেছে, ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা উল্লেখযোগ্য। এছাড়া ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও বিভিন্ন গ্রামের মুসল্লিরাও এ আয়োজনে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ইসহাক চৌধুরী (রহ.) মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপনের এই রীতি চালু করেন। এরপর থেকে তাঁর উত্তরসূরি ও অনুসারীরা দীর্ঘদিন ধরে এ প্রথা অনুসরণ করে আসছেন।






