বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেলাই মেশিন বিতরণে স্বাবলম্বিতার পথে ৭ নারী, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২২ পিএম
সেলাই মেশিন বিতরণে স্বাবলম্বিতার পথে ৭ নারী, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বাবলম্বী প্রকল্পের সূচনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ, উৎসাহমূলক সম্মাননাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুহুল্লাহ বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার মতো কার্যক্রম একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মহসীন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এবং চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান।

Model Hospital

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান খান কালু, মহন পাটোয়ারী মানিক, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেন গাজী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, পল্লী চিকিৎসক শংকর চন্দ্র শীল, প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক খোরশেদ গাজী এবং ব্যবসায়ী ও সমাজসেবক খোরশেদ আলম মানিক।

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসচ্ছল পরিবারের ৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে “স্বাবলম্বী প্রকল্প” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খাজুরিয়া ফুটবল একাডেমিকে “ক্রীড়া সম্মাননা”, সমাজসেবায় অবদানের জন্য একজন স্বেচ্ছাসেবীকে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সম্মাননা”, এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে অবদানের জন্য দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় আমরা সবসময় শিক্ষা, মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছি। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাগর আদনান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাছুম।

এ সময় সংগঠনের কার্যকরী কমিটির দায়িত্বশীল, প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital