বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি মেম্বারসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১৪ পিএম
ফরিদগঞ্জে ইউপি মেম্বারসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ফরিদগঞ্জে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ছয় জুয়াড়ি গ্রেপ্তার।

চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই হুমায়ূন কবির ও এএসআই জুমায়েত জুয়েল। তাদের সঙ্গে থানার একটি পুলিশ দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৫২), একই এলাকার হেদায়েত উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল (৫০), উটতলী এলাকার মৃত চান মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৫০), একই এলাকার রুহুল আমিনের ছেলে কামাল হোসেন (৩৭), মৃত রেজাউল হকের ছেলে মাসুদ মুন্সি (৫০) এবং উভারামপুর এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (৪০)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের জুয়া খেলায় লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২৬ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।