বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বৃদ্ধা মাকে হত্যাচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম ছেলে আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৭ পিএম
শাহরাস্তিতে বৃদ্ধা মাকে হত্যাচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম ছেলে আটক
শাহরাস্তিতে বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার শাহরাস্তি মডেল থানা পুলিশ উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির চেড়িয়ারা গ্রামের  (পাটোয়ারী বাড়ির)অভিযুক্ত ইমাম  আবু ইউছুফ পাটোয়ারী (৩৫)-কে আটক  করে আদালতে সোপর্দ করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম (৬০) থানায়  পুত্রের বিরুদ্ধে  দায়ের করা এজাহারে অভিযোগ করেন, তার বড় ছেলে আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার (রোকেয়া) মায়ের ভরণ-পোষণ, চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব পালন না করে উল্টো বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল। টাকা দিতে মা অস্বীকৃতি জানালে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২ জুন সকাল সাড়ে ১১টার দিকে আবু ইউছুফ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি রোকেয়া বেগমকে (মা) এলোপাতাড়ি মারধর করে আহত করেন এবং একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। তার চিৎকার শুনে মেয়ে হাওয়া বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে অভিযুক্ত ঘরের দরজা-জানালা, শোকেস ও আলমারি ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এর পর আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় রোকেয়া বেগমের অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ৫ ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা (এফআইআর নং-১২/২০২৬) দায়ের করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ ও নিরাপত্তা নিশ্চিত করা সন্তানের আইনগত দায়িত্ব। অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের ঘটনায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।
স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় পরিচয়ে সমাজে পরিচিত হলেও মায়ের প্রতি এমন আচরণ এলাকাবাসীকে হতবাক করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।