বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৫৮ পিএম
চাঁদপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

চাঁদপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সহজে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।
সভাপতির বক্তব্যে ইউএনও এস. এম. এন. জামিউল হিকমা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। আদালতের মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই ন্যায়বিচার লাভের সুযোগ পান। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হলে এর কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠারও একটি কার্যকর প্ল্যাটফর্ম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমে এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পায়। তাই গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাম আদালতের সফলতা, কার্যক্রম ও সেবার তথ্য ব্যাপকভাবে প্রচার করা হলে জনগণ এ বিষয়ে আরও আগ্রহী ও সচেতন হবে। তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময় জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার-প্রচারণায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং গ্রাম আদালতকে জনমুখী ও কার্যকর করতে গণমাধ্যমকর্মীরাও ইতিবাচক ভূমিকা রাখবেন। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারসেবা পৌঁছে দিতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।
কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি)’বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলামসহ চাঁদপুর সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেয়।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।