বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, উন্নয়ন ও জননিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৫ এম
শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, উন্নয়ন ও জননিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা

শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, বাজার মনিটরিং এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, শাহরাস্তির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টায় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং চলমান উন্নয়ন কার্যক্রমও সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল নির্ভরতা নানা সামাজিক সমস্যার জন্ম দিচ্ছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে কার্যকর নিয়ন্ত্রণ আরোপ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিষ্ঠানভিত্তিক অফিসিয়াল মোবাইল নম্বর চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। এতে মোবাইলের অপব্যবহার কমবে এবং কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।

Model Hospital

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, শাহরাস্তির উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। তিনি বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা খাতের অগ্রগতি এবং জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শাহরাস্তিকে আরও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।সভায় ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের সমন্বয়ে প্রতিরোধে সকলের সমন্বয়ের  ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল এবং বাজার মনিটরিং জোরদারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।এ ক্ষেত্রে সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা প্রশাসনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছে।

মাদক, কিশোর গ্যাং এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প এখন বাস্তবায়নের পথে রয়েছে।

খাল খনন কর্মসূচি, শাহরাস্তি সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেহের ডিগ্রি কলেজকে সরকারি করার উদ্যোগ এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান (টেকনিক্যাল স্কুল) স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শাহরাস্তির আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

মাদক কারবারি, কিশোর অপরাধ, চুরি-ডাকাতি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতা কামনা করেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সহ সভাপতি মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।