রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আজ চাঁদপুরে যোগ দিচ্ছেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:০৬ এম
আজ চাঁদপুরে যোগ দিচ্ছেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আজ সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন মো. মিজানুর রহমান।

এর আগে তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ঝালকাঠি ত্যাগ করেছেন। আজ চাঁদপুরে যোগদানের পর তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী ৩০ জুন থেকে চাঁদপুরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

রোববার (২৮ জুন) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে বিষয়টি নিশ্চিত করেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Model Hospital

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. মিজানুর রহমান সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ঝালকাঠির আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান-কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান চাঁদপুরে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সর্বমহলে প্রশংসিত হন। এখন জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশার সূচনা হলো।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।