বিদায়বেলায় আবেগঘন স্ট্যাটাস দিলেন চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার রবিউল হাসান
চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার রবিউল হাসান দায়িত্বের শেষ প্রান্তে এসে জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। রবিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি দায়িত্ব পালনের স্মৃতিচারণের পাশাপাশি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

স্ট্যাটাসে তিনি জানান, আল্লাহর অশেষ রহমত ও সরকারের নির্দেশে ২০২৫ সালের ২৯ নভেম্বর জাতীয় নির্বাচনের মাত্র দুই মাস আগে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ জুন ছিল তাঁর শেষ কর্মদিবস এবং ২৯ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে বিদায় নেবেন।

তিনি বলেন, বহুল প্রতীক্ষিত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এবং মতলব উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো চাঁদপুর জেলা পুলিশ, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রবিউল হাসান আরও উল্লেখ করেন, চাঁদপুরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার লক্ষ্যে কাজ করতে গিয়ে তিনি জেলার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন। জেলার প্রতিটি প্রান্তে মানুষ তাঁকে আপনজনের মতো গ্রহণ করেছেন এবং প্রয়োজনের সময় আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন। চাঁদপুরবাসীর এই ভালোবাসা তিনি আজীবন হৃদয়ে ধারণ করবেন বলেও জানান।

তিনি স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গুণীজন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং সমাজসেবামূলক সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের পেছনে নিরন্তর অনুপ্রেরণা ও সাহস জোগানোর জন্য নিজের স্ত্রী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির প্রতিও কৃতজ্ঞতা জানান।
স্ট্যাটাসের শেষাংশে বিদায়ী এই পুলিশ সুপার বলেন, একজন মানুষ হিসেবে হয়তো তিনি সবার প্রত্যাশা পূরণ করতে পারেননি, তবে দায়িত্ব পালনে আন্তরিকতার কোনো ঘাটতি রাখেননি। যদি তাঁর কোনো আচরণ, কথা বা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে মহানুভবতার সঙ্গে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন সবাইকে দুনিয়া ও আখিরাতে আফিয়াত, ইজ্জত ও কল্যাণময় জীবন দান করেন।





