রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সামাজিক অসন্তোষ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১১ পিএম
সামাজিক অসন্তোষ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রশাসন অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অসন্তোষ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত, তথ্যভিত্তিক ও অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মসজিদ, স্কুল, মাদ্রাসা ও বাজারকেন্দ্রিক একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অস্থিরতা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে সংগ্রহ করা হবে। পরে ইউনিয়নভিত্তিক প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তা পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, লক্ষ্যভিত্তিক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Model Hospital

তিনি বলেন, এ উদ্যোগে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, বাজার কমিটি, গ্রাম পুলিশ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তথ্যনির্ভর পরিকল্পনা ও জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই এবং সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হযরত আলী ঢালী, শাহজালাল মিশনের আখতার হোসেন সাগর, অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা ও অ্যাডভোকেট মুনিরা চৌধুরী। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।