হাজীগঞ্জে ১৬১৫ কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বীজ, সার ও কীটনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার মোট ১,৬১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা, বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।

এর মধ্যে ৩৫০ জন কৃষককে ধানের বীজ, ৮০ জনকে মরিচের বীজ, ২২০ জনকে নারিকেলের চারা, ১০০ জনকে আম ও কাঁঠালের চারা, ৪০ জনকে মাল্টার চারা, ২০০ জনকে অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ২৫ জনকে লেবুর চারা প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ সার ও কীটনাশকও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক সরওয়ার আলম ভুলু মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটোয়ারী, মো. আহসানুজ্জামান, আবু বাসার সরকার, মো. ইমন হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।








