রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এসিল্যান্ডের অভিযানে শতবর্ষী রাস্তা উন্মুক্ত, খালের বাঁধ অপসারণের নির্দেশ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:২১ এম
শাহরাস্তিতে এসিল্যান্ডের অভিযানে শতবর্ষী রাস্তা উন্মুক্ত, খালের বাঁধ অপসারণের নির্দেশ
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক অভিযানে প্রায় শত বছরের পুরোনো জনচলাচলের একটি রাস্তা উন্মুক্ত করা হয়েছে। অপর অভিযানে খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযুক্তকে দ্রুত বাঁধ অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান দুটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি  ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউপির  উল্লাশ্বর পূর্বপাড়া দিঘীর পশ্চিম পাড় সংলগ্ন যোগেশের বাড়ির সামনের রাস্তাটি দিয়ে প্রায় একশ বছর ধরে এলাকাবাসী চলাচল করে আসছেন। বর্তমানে ওই এলাকায় প্রায় ১২টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস।
সম্প্রতি পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকদিন আগে এলাকার একমাত্র চলাচলের প্রধান পথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে ওই ১২টি পরিবারসহ আশপাশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। স্থানীয়দের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেন।
অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি উপস্থিত স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে রাস্তা উন্মুক্ত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে অবরুদ্ধ পথটি পুনরায় জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরে বাদী-বিবাদী উভয় পক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে স্থায়ীভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
অপরদিকে একই দিন উপজেলার মেহের উত্তর ইউপির  বানিয়াচোঁ মৃধ্যা বাড়ি সংলগ্ন একটি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তিকে আগামী কয়েক দিনের মধ্যে বাঁধের নিচ দিয়ে বড় আকারের পাইপ স্থাপন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, জনস্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড প্রশাসন সহ্য করবে না। জনগণের চলাচলের রাস্তা দখল কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা সতর্ক করে বলেন, “জনস্বার্থে ব্যবহৃত কোনো চলাচলের পথ বেআইনি ভাবে  বন্ধ করা যাবে না। ভবিষ্যতে কেউ পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা অনুযায়ী জনস্বার্থ রক্ষা করাই  প্রশাসনের দায়িত্ব। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক এ দুটি অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন একইভাবে কার্যকর ব্যবস্থা নেবে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।