বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৈনিক নয়া প্রভাত অনেক এগিয়ে : শেখ জয়নাল আবেদীন
দৈনিক নয়া প্রভাত পত্রিকার সহকর্মী বৈঠকে সভাপতির বক্তব্য রাখছেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন।
বর্তমান সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৈনিক নয়া প্রভাত এখন অনেক এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় চাঁদপুরের হট বাইট রেস্টুরেন্টে দৈনিক নয়া প্রভাত পত্রিকার সহকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় ও সহকর্মী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ মো. জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের সত্য তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। দৈনিক নয়া প্রভাত-এর একঝাঁক তরুণ, মেধাবী ও দায়িত্বশীল সাংবাদিকের আন্তরিক প্রচেষ্টায় পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এই ধারা অব্যাহত থাকলে মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। পাঠকের আস্থা ধরে রাখতে প্রতিটি সংবাদকর্মীকে নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সহ-সম্পাদক রিয়াজ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্পাদকীয় উপদেষ্টা মোহাম্মদ নুর খান, ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ব্যবস্থাপনা সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, সহকারী সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, সহকারী সম্পাদক মিজানুর রহমান, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, যুগ্ম বার্তা সম্পাদক হাছান খান মিসু এবং সহ-সম্পাদক মো. ফাহাদ।
অনুষ্ঠানে দৈনিক নয়া প্রভাত-এর সিনিয়র সাংবাদিক, স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় সম্পাদক মহিউদ্দিন মিয়াজী মাসুমের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শেষে পত্রিকার সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।






