বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, খেড়িহর বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ

মো. মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:১৫ পিএম
শাহরাস্তিতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, খেড়িহর বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ
শাহরাস্তিতে প্রশাসনের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সকালে  প্রথমে শোরসাক যুক্ত সপ্রাবি ও দুপুরে  ঐতিহ্যবাহী খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময়  ওই  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এতে  প্রধান অতিথি  ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে শিক্ষক -শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার একটি জাতীয় উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং নিজের সন্তানের মতো পরিচর্যা করে, তাহলে অল্প সময়েই দেশজুড়ে সবুজের বিপ্লব ঘটানো সম্ভব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফল করতে হবে।ওই বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের এ গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদের বিদ্যালয়ে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর সহযোগিতায় প্রতিটি শিক্ষার্থীর রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা হবে। গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, মেজবাহ উদ্দিন, সাহাবউদ্দিন ভূঁইয়া ও পারভীন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক কাউসার হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান প্রান, শাহানারা আক্তার, আছমা আক্তার, ইমাম হোসেন মজুমদার, আমির হোসেন, অফিস সহকারী মো. ইউসুফ মিয়াজী, কম্পিউটার ল্যাব অপারেটর মো. ওবায়দুল্লাহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুধীজন।
এর আগে একই দিন সকালে  উপজেলার শুচিপাড়া উত্তর ইউপির  শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মনিরা খাতুন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নিয়ে তিনি বলেন, “শুধু লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিতে হবে।
আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার বলেন, “আমাদের বিদ্যালয় ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। চলতি বছরও বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফল করেছে। উপজেলা প্রশাসনের এই সহযোগিতা শিক্ষার গুণগত মান আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাবিবুর রহমান পাটোয়ারী, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি আবুল বাশার পাটোয়ারী, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।