শাহরাস্তিতে অটোরিকশা চালকের অসতর্কতায় ঝরল শিশু হাফসার প্রাণ
মো. মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম
শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে চাবি লাগানো অবস্থায় রেখে যাওয়া একটি অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানে বসে থাকা এক স্কুলছাত্রী গুরুতর আহত হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে চিতোষী বাজারের আবু বক্কর মসজিদ সংলগ্ন হাফসা সাজঘরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছে।নিহত হাফসা বেগম (১১) চিতোষী পূর্ব ইউপির চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউপির মনিপুর মিজি বাড়ির আব্দুল কাইয়ুম এর পুত্র অটোরিকশা চালক মো. মোরশেদ (৩৫), চিতোষী বাজারে এসে আবু বক্কর মসজিদের পাশে অটোটি দাঁড় করিয়ে চাবি গাড়িতে লাগানো অবস্থায় রেখে পাশের একটি দোকানে যান।
এ সময় চালকের আসনের পাশে থাকা প্রায় তিন বছর বয়সী একটি শিশু খেলার ছলে অটোরিকশার পিকআপে চাপ দিলে গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে সামনে ছুটে গিয়ে হাফসা সাজঘরের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার সময় দোকানের ভেতরে বসে থাকা হাফসা বেগম অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় চিতোষী বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, চালকের চরম অসতর্কতার কারণেই একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চালকের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





