তোশকের নিচে লুকানো ছিল ইয়াবা, হাজীগঞ্জে ১১ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫টি ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাজীগঞ্জ থানা–পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজীবাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত রতন কাজীর ছেলে। অভিযানের সময় তাঁর ঘরের খাটিয়ায় বিছানো তোশকের নিচ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশের সিডিএমএস তথ্য পর্যালোচনায় দেখা গেছে, দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে এর আগে হাজীগঞ্জ থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

এদিকে একই রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় আরেকটি অভিযানে একটি গ্যারেজঘরের ভেতরে রাখা কাগজের বাক্স থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানিয়েছে, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






