বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মে দিবস উপলক্ষে

জাতীয় রচনা প্রতিযোগিতায় তৃতীয় হলেন চাঁদপু‌রের সামিরা মেহনাজ নুসরাত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম
জাতীয় রচনা প্রতিযোগিতায় তৃতীয় হলেন চাঁদপু‌রের সামিরা মেহনাজ নুসরাত

জাতীয় রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাতের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং উন্নত বাংলাদেশ গঠনে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তাঁর গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক রচনা বিচারকদের প্রশংসা অর্জন করে। ফল প্রকাশের পর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে তিনি চাঁদপুর সরকারি কলেজ ও জেলার জন্য গৌরব বয়ে আনেন।

এ উপলক্ষে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সামিরা মেহনাজ নুসরাত শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, আবৃত্তি, বক্তৃতা ও সৃজনশীল কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ইতোমধ্যে নিজেকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে তিনি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী, সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলা রচনা, কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাসহ উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

Model Hospital

নিজের অনুভূতি প্রকাশ করে সামিরা বলেন, জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠার সঙ্গে লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের অক্লান্ত উৎসাহ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা সবচেয়ে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে।

সামিরার এ সাফল্যে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও চাঁদপুরবাসী আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি জেলার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital