বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোনো শিক্ষক অন্যায়ের শিকার হলে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে : লায়ন ইঞ্জি. মমিনুল হক এমপি

শাহরাস্তিতে অবসরপ্রাপ্ত ১১০ শিক্ষক-কর্মচারীকে ৫ লাখ ৭৫ হাজার টাকা প্রদান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫২ পিএম
শাহরাস্তিতে অবসরপ্রাপ্ত ১১০ শিক্ষক-কর্মচারীকে ৫ লাখ ৭৫ হাজার টাকা প্রদান
শাহরাস্তিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানাতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতি। দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, শিক্ষাদানে অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘নবীন-প্রবীণের মিলনমেলা-২০২৬’-এ সমিতির নিজস্ব কল্যাণ তহবিল থেকে ১১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার স্মারক। ওই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষকদের মিলনমেলায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। প্রয়াত শিক্ষকদের স্বজন এবং জীবিত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদানকালে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে সহকর্মীদের এই সম্মান তাঁদের কাছে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে অভিমত ব্যক্ত করেন তাঁরা।
শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি ও পঞ্চনগর আর্দশ উবির  প্রধান শিক্ষক মো. আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মো. মমিনুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। টেলিকনফারেন্সে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের মহতী আয়োজনে অংশ নিতে পারলে নিজেকে গর্বিত মনে করতেন।
দূরে অবস্থান করলেও তিনি অনুষ্ঠানের আবেগ ও অনুভূতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, শিক্ষা খাতে বিনিয়োগই জাতির সর্বোত্তম বিনিয়োগ। একজন শিক্ষক কখনো প্রকৃত অর্থে অবসরে যান না। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শ সমাজকে আজীবন আলোকিত করে। তিনি শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষার অঙ্গীকার করে বলেন, কোনো শিক্ষক অন্যায়ের শিকার হলে তিনি তাঁদের পাশে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানান। শিক্ষক সমিতির স্থায়ী কার্যালয় নির্মাণে সরকারি খাসজমি পাওয়া গেলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  মনিরা খাতুন বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাই অবসরের পরও তাঁদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ বজায় রাখা সমাজের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, প্রবীণ শিক্ষকদের সম্মানিত করার এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে দায়িত্ববোধ আরও দৃঢ় করবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষক সমাজকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. আবদুর রহিম বলেন, ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানকে মূল্যায়ন করে আসছে শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতি। এই উদ্যোগ শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে। তিনি সমিতির কল্যাণ তহবিলকে আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষক সমিতির স্থায়ী কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণে সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সূয়াপাড়া জি.কে. উবির প্রধান শিক্ষক আক্তার হোসেন, বিজয়পুর উবির অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জনতা উবির সাবেক প্রধান শিক্ষক এ কে এম ওবায়দুর রহমান, ইছাপুরা উবির সাবেক শিক্ষক হাবিবুর রহমান বিএসসি, ফরিদ উদ্দিন উবির সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান পাটোয়ারী, খেড়িহর আদর্শ উবির সাবেক প্রধান শিক্ষক মো. শামছুল হুদা ভূঁইয়া, ফরিদ উদ্দিন উবির সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ইছাপুরা উবির প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া পাটোয়ারী, উয়ারুক রহমানিয়া উবির প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন এবং খেড়িহর আদর্শ উবির সাবেক প্রধান শিক্ষক রফিক আহমেদ ভূঁইয়া।সমিতির নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল বাসার পাটওয়ারী, মাও. মেজবাহ উদ্দিন, সহ-সম্পাদক আক্তার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাহবুব আলম সুমন, নাজমুল হাসান, আনিছুর রহমান ও মাহবুবুর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সাংবাদিক হাবিবুর রহমান ভূঁইয়া, প্রিয় চাঁদপুর নিউজ  পোর্টালের প্রধান সম্পাদক সাইফুল ইসলাম  সিফাত,  মঈনুল ইসলাম কাজল এবং মো. মাসুদ রানাকে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, নিজমেহার মডেল উবির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের শাহরাস্তি প্রতিনিধি মো. মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মকবুল আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।
খেড়িহর আদর্শ উবির সাবেক প্রধান শিক্ষক মো. শামছুল হুদা ভূঁইয়া তাঁর বক্তব্যে প্রয়াত শিক্ষাবিদ, শাহরাস্তি বহুমুখী সরকারি উবির সাবেক প্রধান শিক্ষক, মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মো. সিদ্দিকুর রহমানের শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার , শিক্ষক, শিক্ষকপুত্র, সাংবাদিকসহ ৩৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষক ও কর্মচারী কল্যাণ তহবিল থেকে ১১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে ৩ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের সময় অনেক প্রবীণ শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের ভাষায়, দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ সহকর্মীদের এই ভালোবাসা ও সম্মান তাঁদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital