বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মহামায়া বাজারে ক্লিন চাঁদপুর ও প্রভাতের সচেতনতামূলক ক্যাম্পেইন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম
মহামায়া বাজারে ক্লিন চাঁদপুর ও প্রভাতের সচেতনতামূলক ক্যাম্পেইন
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা দিয়ে কথা রাখলেন চাঁদপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর। গত শুক্রবার (৩১ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন বক্তা তাদের বক্তব্য প্রদানকালে মহামায়া বাজারের চলমান সমস্যার কথা তুলে ধরেন।
পরে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমিন খান আকাশ মহামায়া বাজার সহসাই সরেজমিন পরিদর্শন করে সমস্যাগুলো সনাক্ত করার আশ্বাস দেন। এবং প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমকে আরো বেগবান করতে দুইটি অক্সিজেন সিলিন্ডার দেয়ার ঘোষণা প্রদান করেন। পরদিন শনিবার (১ আগস্ট) সকালে এ্যাড. নুরুল আমিন খান আকাশ তার প্রতিষ্ঠিত ক্লিন চাঁদপুর এর একঝাঁক তরুণ সদস্য নিয়ে মহামায়া বাজারে ছুটে আসেন। এদিন মহামায়া পশ্চিম বাজার থেকে শুরু করে পুরো বাজারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ী ও সড়কের ওপর সিএনজি-অটোরিকশা চালকদেরকের সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয়দের মধ্য থেকে বাজারের সমস্যাগুলো শুনে কিছু কিছু সমস্যা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ক্লিন চাঁদপুর এর পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বড় ধরনের সমস্যাগুলো চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর সাথে কথা বলে সেগুলোও সমাধানের চেষ্টা করা হবে বলে জানান এ্যাড. নুরুল আমিন খান আকাশ। পরিদর্শনের এক পর্যায়ে মহামায়া বাজারস্থ প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে গিয়ে সংগঠনের কার্যক্রম দেখে সন্তুষ্ট হয়ে সামাজিক ও মানবিক সেবা সহজতর করণের লক্ষ্যে তাৎক্ষণিক একটি নতুন হ্যান্ড মাইক কেনার অর্থ প্রদান করেন।
তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা আমাদের সমাজে একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই ব্যবসায়ীরা যদি নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলেন তাহলে আর বাজার এত নোংরা হয়না। চাঁদপুর জেলা শহরের প্রবেশদ্বার হচ্ছে এই মহামায়া বাজার। এটি কয়েকটি উপজেলার একটি জনগুরুত্বপূর্ণ বাজার। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওপর যে যানজট লেগে থাকে তা সত্যিই জনদূর্ভোগ। আমি চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাদের সহযোগিতায় সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যারা সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা আছি, সবাই নিজ থেকে সচেতন হতে হবে। তাহলেই সমাজ পরিবর্তন হবে।
মহামায়া বাজার পরিদর্শন ও সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সমাজসেবক মোঃ মাঈনুদ্দিন টিটু সহ ক্লিন চাঁদপুর ও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার সড়কের বালুর মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার টামটা এলাকার শিংয়ের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল বাছেত এবং মায়ের নাম ফিরোজা বেগম।

Model Hospital

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৫, তারিখ ১৪ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।