বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পিএম
হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতন্তর তালুকদার বাড়ির বাসিন্দা মজিবুর রহমানের ছেলে মো. মাহাবুব আলম (৩০) হাজীগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে হাজীগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন বসতবাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাহাবুব আলম নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মাহাবুব আলমের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক নির্মাণকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের কাজের সময় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কাজ করা জরুরি। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।