মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম
ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন উদ্ভোধনী বক্তব্য রাখছেন এ.আর.এম জাহিদ হাসান।

বইয়ের পাতায় অর্জিত জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা বাস্তব জীবনের প্রয়োজনে কাজে লাগে। আর দুর্যোগের মতো কঠিন সময়ে সাহস, দক্ষতা, শৃঙ্খলা ও মানবিকতার সমন্বয়ে মানুষের পাশে দাঁড়ানোর সেই বাস্তব পাঠ নিয়েই ফরিদগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের পর্দা ওঠে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা স্কাউটদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত এক প্রশিক্ষণমঞ্চ।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি স্কাউটিংকে ছাত্রজীবনের বাস্তবমুখী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “ছাত্রজীবনে শেখার পাঠগুলোর মধ্যে বাস্তবধর্মী এবং ফলপ্রসূ একটি অংশ হচ্ছে স্কাউটিং। দুই দিনের দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স থেকে যা শেখা হবে, তা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, তাহলেই এ প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।”
তিনি আরও ইঙ্গিত করেন, দুর্যোগ মোকাবিলা শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের বিষয় নয়; সংকটময় মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, মানুষের পাশে দাঁড়ানো এবং অর্জিত দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়েই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (মেম্বারশিপ) ডিআরসি আল-মামুন, চাঁদপুর জেলা স্কাউট লিডার মো. ওয়ালীদ খান, ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক ও গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মার নেতৃত্বে পরিচালিত এ প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমীন এল.টি, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা এবং ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিম।
দুই দিনের এ আয়োজন কেবল একটি প্রশিক্ষণ কোর্সে সীমাবদ্ধ নয়; বরং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখা, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার শিক্ষা অর্জনেরও একটি সুযোগ।
ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২ জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।
দুর্যোগ কখনো আগাম জানান দিয়ে আসে না। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন সচেতনতা, প্রস্তুতি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী শক্তি। সেই প্রস্তুতির বীজ কৈশোরেই বপন করার প্রত্যয়ে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের এ উদ্যোগ উপজেলার স্কাউট আন্দোলনে যোগ করেছে নতুন এক অধ্যায়।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”