শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনসচেতনতায় চাঁদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম
জনসচেতনতায় চাঁদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে দ্রুত ও কার্যকরভাবে আগুন প্রতিরোধ ও নির্বাপণের লক্ষ্যে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী হকার্স মার্কেটে চাঁদপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সামনে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে, কীভাবে প্রাথমিকভাবে আগুন নেভাতে হবে এবং সাধারণ মানুষ কীভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন—এসব বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও প্রদর্শনী করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের কাল্পনিক পরিস্থিতি তৈরি করে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে দোকানপাটে বৈদ্যুতিক সংযোগ, দাহ্য পদার্থ সংরক্ষণ, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুন লাগার পর করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এবং হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা।

Model Hospital

এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও কর্মচারীদের ধারণা থাকা জরুরি।

তিনি আরও বলেন, শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর না করে অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। নিয়মিত মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আগুন মোকাবিলার সক্ষমতা ও আত্মবিশ্বাস তৈরি করা সম্ভব।

এ সময় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া, নিরাপদে মানুষকে সরিয়ে নেওয়া এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করার বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital