বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা বোর্ডের অনুমোদনের প্রথম বছরেই সাফল্য, জিপিএ-৫ পেল এক শিক্ষার্থী

শাহরাস্তিতে জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৯ পিএম
শাহরাস্তিতে জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনের প্রথম বছরেই এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর সদরের কালিয়াপাড়া বাজারে অবস্থিত জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে প্রতিষ্ঠানটির ৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০ শতাংশ। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল সিট অনুযায়ী, এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৭ জন এবং মানবিক বিভাগের ২ জন। বিজ্ঞান বিভাগের ৭ জনই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগের সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫.০০। অন্য শিক্ষার্থীদের জিপিএ যথাক্রমে ৪.৫৬, ৪.১৭, ৩.৭২, ৩.৯৪, ৪.১৭ ও ৪.১১।
মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীরও সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে সর্বোচ্চ জিপিএ ৪.৩৩ এবং অপর শিক্ষার্থীর জিপিএ ৪.১৭।প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনের প্রথম বছরেই শতভাগ পাসের এ সাফল্য শাহরাস্তির শিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে বলে জানান তারা।
জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ বোরহান আলী বলেন, প্রথম বছরেই শতভাগ পাসের ফলাফল অর্জন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল এ সাফল্য। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, ভালো ফলাফল তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করবে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠান ও পরিবারের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে তারা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও জোবেদা মতিন ট্রাস্টের চেয়ারম্যান মিজান রহমান, কো-চেয়ারম্যান মুস্তাকুর রহমান এবং জোবেদা মতিন ট্রাস্টের ফাউন্ডার মেজবাহ  কবির  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। অনুমোদনের প্রথম বছরেই শতভাগ পাসের এ ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করা হবে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, নতুন প্রতিষ্ঠান হিসেবে প্রথমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ পাসের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় অর্জন। এ সাফল্যকে তারা আগামী দিনের আরও ভালো ফলাফলের ভিত্তি হিসেবে দেখছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital