শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রক্রিয়া এক ধাপ এগোল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:০১ পিএম
হাজীগঞ্জে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রক্রিয়া এক ধাপ এগোল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি চাঁদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডিও (ডিও) পত্র এবং চাঁদপুর জেলা প্রশাসনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব বিবেচনা করা হয়েছে। প্রস্তাবটি ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ছয়টি গ্রাম নিয়ে নতুন অলিপুর ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। প্রস্তাবিত ইউনিয়নে প্রায় ১৩ হাজার মানুষের বসবাস এবং আয়তন প্রায় ২ হাজার ৩৬ একর বলে স্থানীয়ভাবে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

Model Hospital

এদিকে, সংসদ সদস্য মো. মমিনুল হকের ছয় মাসের কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে স্থানীয়দের পক্ষ থেকে একটি অভিনন্দনবার্তাও প্রকাশ করা হয়েছে। এতে হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার উন্নয়ন, যানবাহন থেকে টোল আদায় বন্ধ, হাসপাতালের শয্যা বৃদ্ধি, মিনি স্টেডিয়াম অনুমোদন, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ এবং নতুন অলিপুর ইউনিয়ন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

অভিনন্দনবার্তায় বলা হয়, নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগে হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছে পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে নতুন ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রস্তাবের খবর এর আগেও প্রকাশিত হয়েছিল।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।