বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মাসুদ রানা, সম্পাদক নোমান, সাংগঠনিক বাবলু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মাসুদ রানা, সম্পাদক নোমান, সাংগঠনিক বাবলু

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হাসান বাবলু।

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন ও চাঁদপুর দর্পণের অফিস প্রধান, প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ ও ইলশেপাড়ের প্রতিনিধি নোমান হোসেন আখন্দ এবং সাংগঠনিক সম্পাদক পদে জাগ্রত বার্তার প্রতিনিধি মোঃ মাহবুব হাসান বাবলু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কালাম। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাহবুব আলম সুমন। ফলাফল ঘোষণার পর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  মনিরা খাতুন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্র ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রতি সহযোগিতা থাকবে। তিনি নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির প্রতি শুভকামনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে প্রশাসন ও পুলিশের সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ আবুল কালাম বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শাহরাস্তি প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমি আনন্দিত। আশা করি, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের ঐক্য ও প্রেসক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রেখে এগিয়ে যাবে। নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, প্রেসক্লাবের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করাই হবে নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য। তিনি প্রেসক্লাবের সকল সদস্য, নির্বাচন কমিশন, প্রশাসনসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে শাহরাস্তি প্রেসক্লাবকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে নির্বাচন সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে চাঁদপুর প্রেসক্লাব এবং জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দও শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital