শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা

শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ক্রেস্ট প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ৷

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬আগস্ট (রবিবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভনিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে আমার দাদা শিক্ষাবিদ  মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব অত্র জিলানী চিশতী কলেজটি প্রতিষ্ঠা করেন।এটি সদরের প্রথম বেসরকারী কলেজ। এ কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করে আজ সমাজে প্রতিষ্ঠিত। বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখান থেকে লেখাপড়া করে অনেকেই  ইউনিভাসিটি ও মেডিকেলে ভর্তি হচ্ছে।
এ কলেজে ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে আসছে। তোমরা যারা ২০২৬ সালে এ+ পেয়েছো এবং যারা উত্তীর্ণ হয়েছো সকলকে অভিনন্দন জানাচ্ছি। একজন শিক্ষার্থী দূরে গিয়ে পড়াশুনা করতে সময় ও অর্থের অপচয় হয়। তাই কাছের প্রতিষ্ঠানে ভর্তি হলে সময় ও অর্থ সাশ্রয় হবে। আমি আশারাখি তোমরা জিলানী চিশতী  কলেজে ভর্তি হবে। এ কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য সব দিক দিয়ে নিরাপদ। আপনারা অভিভাবকরা আপনাদের সন্তানদের  এ কলেজে ভর্তি করাতে পারেন। আমরা গভনিং বডি পক্ষ থেকে সকল সুযোগ -সুবিধা নিশ্চিত করবো। কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
তিনি বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে। তোমরা এ কলেজে ভর্তি হলে তোমাদের সকল ধরনের সুযোগ-সুবিধা আমি নিশ্চিত করর। আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে চেষ্টা করছি, শিক্ষার মান বাড়াতে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খোঁজ নিতে হবে অভিভাবকদের। যদি কোন বিষয় ক্লাশ না হয়, তা আমাদের জানাবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল ভালো হবে।  তোমাদের উপবৃত্তিসহ সকল ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছেন। প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে  মিড-ডে চালু করছে,শিক্ষার খাতে বাজেট বাড়িয়েছেন,নানা পরিকল্পনা গ্রহন করেছেন। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ মানিক মহোদয় চাঁদপুর শিক্ষার উন্নয়নে ব্যাপক  কাজ শুরু করছেন।  শিক্ষার উন্নয়নে সবধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন।
কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: মানিক মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা: রুবিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মাহবুবুর রহমান, মো: শাহাদাত হোসেন, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সুমা রানী পাল, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপঙ্কর দে, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, অভিভাবক মোরশেদ তপদার, রেহানা পারভীন, কামরুন্নাহার, রাবেয়া বসরী, সামসুন নাহার।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেনির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাবাসসুম নাবা, এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাবিহা আনহা, মারজিয়া ইসলাম লামিয়া, রুবাইয়া বিদুন, মেহেরুন নেছা।
অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন ও উত্তীর্ণ কৃতি সকল শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। সভাপতির বত্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এদিকে, উক্ত অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ২০২৬সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়, পর্যালোচনা সভা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন সহ শিক্ষকবৃন্দগণ৷

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।