৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের পর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৪টার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে। বাসে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পাচ্ছিলেন, বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছে।

কলটি পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে বিষয়টি জানায়। ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন কলটি গ্রহণ করেন এবং ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরবর্তীতে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে অভিযান চালিয়ে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে। এ সময় বাসটি চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. মো. রাসেল (২১), পিতা মো. রবিউল্লাহ, মাতা মৃত রাশিয়া, সাং হিঙ্গাতলী, থানা রায়পুর, জেলা নরসিংদী; বর্তমান ঠিকানা মহাখালী বাস টার্মিনাল, ঢাকা।
২. লালচান (৩০), মাতা নাসিমা বেগম, সাং পাইকড়া, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর; বর্তমান ঠিকানা আলকাতরা ফ্যাক্টরি, তিব্বত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিপিএস ট্র্যাকিং ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ের ফলে চুরি যাওয়ার পর দ্রুততম সময়ে বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে।








