বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫ মাদকসেবী ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম
ফরিদগঞ্জে ৫ মাদকসেবী ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার খাজুরিয়া বাজার, ভাটিয়ালপুর, পূর্ব গুলিসা ও পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খাজুরিয়া বাজার এলাকা থেকে আটক মো. হোসেন (২২), সাজা ৯০ দিন, ভাটিয়ালপুর এলাকা থেকে আটক এমরান শেখ (৪৪), সাজা ২০ দিন ও মো. সফিক (৪০) কে সাজা ৩০ দিন, পূর্ব গুলিসা থেকে আটক মো. মিরাজ শেখ (২৩) কে ৬০ দিনের  সাজা এবং পূর্ব গোবিন্দপুর থেকে আটক শরিফ খান (২৭) কে ৪০ দিন সাজা প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ মহড়া ও অভিযান চালান। এ সময় উল্লিখিত পাঁচজনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের এই সাজা দেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান জানান, মাদকের ভয়াল বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি ও এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital