বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কিলার মাসুদ গ্রেপ্তার!

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৭ এম
ফরিদগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কিলার মাসুদ গ্রেপ্তার!

চট্টগ্রামে র‌্যাব-৭ ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কিলার মাসুদ গ্রেপ্তার।

অস্ত্র মামলার ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদ (৫০) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় চট্টগ্রাম বন্দর নগরীর ডবলমুরিং থানা এলাকায় র‌্যাব-৭ এবং ফরিদগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও  জুমায়েত হোসেন জুয়েলসহ সঙ্গীয় পুলিশ সদস্য ও র‌্যাবের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃত কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।
তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি অস্ত্র মামলায় আদালত মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহায়তায় রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, কিলার মাসুদ অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন দুর্ধর্ষ পলাতক আসামি। তাঁকে গ্রেপ্তারে পুলিশের নিরবচ্ছিন্ন চেষ্টা ছিল। অবশেষে তথ্যপ্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital