হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুই বসতঘর, আগুনে প্রা’ণ গেল দুই গরুর
চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর। আগুনে পুড়ে মারা গেছে ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরুও। মুহূর্তের আগুনে সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে হুমায়ন পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ রূপ নিয়ে পাশের আরেকটি ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে পুড়ে যায় ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী। পুড়ে গেছে স্বর্ণালংকারও।

আগুনের ভয়াবহতায় ঘরের পাশে বাঁধা দুটি গরুকে আর রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে করুণ মৃত্যু হয় অবলা প্রাণী দুটির।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে গেলেও বাড়ির পাশে খাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় স্থানীয়রা বালতি ও বিভিন্নভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত আগুনের ভয়াবহতা থেকে রক্ষা করা যায়নি বসতঘর দুটি। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় পরিবারের শেষ সম্বল।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। আগুনের ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোক ও আহাজারি।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ খাঁন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সর্বস্ব হারানো অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।





