বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম
চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক (লালমাই পর্যন্ত) ও পেন্নাই সড়কে তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মোবারক মার্কেটের সামনে রাতের আঁধারে সড়কের জায়গা দখল করে ‘জ্বীন মার্কেট’ নামে একটি অবৈধ মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটটির কারণে ওই এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হতো। দীর্ঘদিন পর অবৈধ দখলে থাকা মার্কেটটি উচ্ছেদ করায় স্থানীয়রা সড়ক বিভাগকে ধন্যবাদ জানান।

এ ছাড়া পেন্নাই সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাটও উচ্ছেদ করা হয়। তবে পেন্নাই সড়কের এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান চালানো হবে—এ মর্মে মাইকিং করা হয়েছিল। কিন্তু পেন্নাই সড়কে কোনো নোটিশ বা মাইকিং ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কয়েকবার অনুরোধ করলেও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য কোনো সময় দেওয়া হয়নি। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে।

Model Hospital
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, তিন দিনব্যাপী অভিযানের প্রথম দিনে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গার কিছু অংশ সড়ক প্রশস্তকরণের কাজে ব্যবহার করা হবে। বাকি অংশে গাছের চারা রোপণ করে সৌন্দর্যবর্ধন করা হবে।
তিনি আরও বলেন, মহাসড়কের পাশে থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর যাতে পুনরায় দখলের সুযোগ সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত তদারকি করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।