ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অসহায় পরিবারের পাশে হাসনাইন (আ.) ইসলামি পাঠাগার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাসনাইন (আ.) ইসলামি পাঠাগার ও মানবকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল সুমনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ২০টি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল সুমন বলেন, ‘রাসূল (সা.)-এর আদর্শ বা সুন্নাহকে শুধু ইবাদত ও পোশাকের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। আখলাক বা সচ্চরিত্রের সমন্বয় না হলে আমল কিংবা সুন্নতি পোশাক মূল্যহীন। আবার আমল ছাড়া আখলাকও মূল্যহীন।’

তিনি বলেন, ‘সমাজকে মানবিক গুণে গুণান্বিত করে তুলতে হলে ইবাদত ও আখলাকের সমন্বয়ে চারিত্রিক বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তা না হলে সমাজ পরিবর্তনের সব প্রচেষ্টাই বৃথা হয়ে যাবে।’

তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের অন্যতম দিক। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে সহযোগিতার পরিধি কয়েকগুণ বৃদ্ধি করে আরও বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।





