রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির রায়শ্রী উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ মাসুদ রানা শাহরাস্তি প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৪ পিএম
শাহরাস্তির রায়শ্রী উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার রায়শ্রী উত্তর ইউপির ৪নং ওয়ার্ডের উনকিলা রেলওয়ে বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে ও অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন। প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোনে কী করছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের নিয়মিতভাবে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা পুলিশের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
ওসি আরও বলেন, “শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তদের ঘৃণা নয়, তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশের সঙ্গে জনগণের সমন্বিত প্রচেষ্টায় শাহরাস্তিকে মাদকমুক্ত করার লক্ষ্যেই আমরা কাজ করছি।
অনুষ্ঠানের সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন বলেন, “মাদক আমাদের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
শাহরাস্তিকে মাদকমুক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মুশু , উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ, ইউপি সচিব মোহাম্মদ আমির হোসেন, বিএনপি নেতা আব্দুল হান্নান পিন্টু, ইমরান হোসেন পাটোয়ারী, সুফিয়া বেগম, হুমায়ুন কবির, বাবুল, মিজানুর রহমান ও ডাক্তার খোকন।
এছাড়া যুবদল নেতা শাহজাহান, সোহেল, ইউসুফ পাটোয়ারী, শাওন, জহির ও সিদ্দিক বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মাদক ব্যবসা ও পাচারের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্য, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উনকিলা উচ্চ বিদ্যালয় ও খামপাড় দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে উনকিলা রেলওয়ে বাজার থেকে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৬০০ থেকে ৭০০ জন অংশ নেন।
উল্লেখ্য, শাহরাস্তিতে এর আগেও মাদক, সন্ত্রাস ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তুলে ধরা হয়েছে। সেখানে সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং মোবাইলে কী করে, এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি পরিবার, শিক্ষক, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।