শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী ও জোবাইদা বালিকা উবিতে অভিভাবক সমাবেশ

ফলাফল বিপর্যয় হলে বিষয়ভিত্তিক শিক্ষকগণ দায়ী থাকবেন : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
ফলাফল বিপর্যয় হলে বিষয়ভিত্তিক শিক্ষকগণ দায়ী থাকবেন : সোহেল রুশদী

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, অভিভাবক সমাবেশে অধিকসংখ্যক অভিভাবকের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গতানুগতিক পড়ালেখার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আজকের এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী জমি দিয়ে শাহতলীতে ১৯৬৫ সালে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আমরা এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এজন্য শিক্ষকগণ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় চারটি জিপিএ-৫সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। কিন্তু জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ হয়নি। কোনো প্রতিষ্ঠানের ফলাফল ভালো না হলে শিক্ষক ও ম্যানেজিং কমিটির ওপর দায় আসে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী ও আন্তরিক। তাদের আরও ভালোভাবে পরিচর্যা করতে হবে।
সোহেল রুশদী বলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হিরা এ প্রতিষ্ঠানের খোঁজখবর রাখেন। যারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। একইভাবে যেসব বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, সেসব বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হবে। অসহায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রয়োজন হলে আমাকে বলবে, আমি শিক্ষা উপকরণ দিব।
তিনি বলেন, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হবে, তাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষার্থী অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। শতভাগ শিক্ষার্থী যাতে পাস করে, সেভাবে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মাসে অন্তত একটি পরীক্ষা নেওয়া উচিত। প্রয়োজনে সাপ্তাহিক মডেল টেস্টেরও আয়োজন করা যেতে পারে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ঘোষিত নজরুল বর্ষ যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নজরুল বর্ষের কর্মসূচি পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে। পড়ালেখাকে আনন্দময় করে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় ক্লাসমুখী করতে হবে। শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পড়া আদায় করে নিতে হবে। বিষয়ভিত্তিকভাবে শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাবলিক পরীক্ষায় কোনো বিষয়ে ফলাফল খারাপ হলে সংশ্লিষ্ট শিক্ষকদেরও এর দায় নিতে হবে। শিক্ষার্থীরা কীভাবে ভালো ফলাফল করবে, সে বিষয়ে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অভিভাবকদেরও নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানদের পড়াশোনার খোঁজ নিতে হবে। কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোনো ধরনের প্রাইভেট পড়ানো যাবে না।
তিনি বলেন, বর্তমানে সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া ও মো. জহিরুল ইসলাম খান মুরাদ। এ ছাড়া ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মো. লৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. গিয়াস উদ্দিন, সুমন চন্দ্র সরকার, অফিস সহকারী মো. মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মো. ইব্রাহিম মিজি ও মো. লিটন মিজি।
এদিকে, একই দিন সকাল ১০টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সমাবেশে ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মুহা. আবদুল মান্নান, মো. নেছার আহমেদ খান, সহকারী শিক্ষিকা মানছূড়া আক্তার, সহকারী শিক্ষক মাহবুব আলম গাজী, প্রমথ সরকার, মনির হোসেন, সহকারী শিক্ষিকা বিথী আক্তারসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ শেষে প্রধান অতিথি জিলানী চিশতী কলেজের নির্মাণাধীন লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তিনি প্রতিষ্ঠানপ্রধানদের কাছে সরকারিভাবে প্রাপ্ত ফুটবল বিতরণ করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।