রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আকাশে মেঘ জমলেই বুক কেঁপে ওঠে সাদ্দামের, চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
আকাশে মেঘ জমলেই বুক কেঁপে ওঠে সাদ্দামের, চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন
আকাশে মেঘ জমলেই বুক কেঁপে ওঠে সাদ্দাম হোসেনের। বৃষ্টি নামলে ঘরের ভেতরেই বসাতে হয় হাঁড়ি-পাতিল, ফুটো টিনের চাল বেয়ে নামা পানি ঠেকাতে। ঝড়ের রাতে ঘুম হয় না—কখন যেন মাথার ওপরের শেষ আশ্রয়টুকুও ভেঙে পড়ে, এই আতঙ্কে রাত কাটে জেগে জেগে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়াপাড়া গ্রামের এই বাসিন্দা চার সন্তানের জনক। জরাজীর্ণ টিনের একটি ভাঙা ঘরে পুরো পরিবার নিয়ে বসবাস করছেন তিনি বছরের পর বছর। সংসারের নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় ঘর মেরামতের কথা তো দূরের কথা, দুবেলা খাবার জোগাড় করাই তার কাছে রীতিমতো যুদ্ধ।
স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন পরিশ্রমী মানুষ, কিন্তু নিয়মিত রোজগারের কোনো নিশ্চিত উৎস নেই তার। এই অনিশ্চয়তার মধ্যেই বেড়ে উঠছে তার চার সন্তান। খেলাধুলা আর খুনসুটিতে তাদের মুখে এখনো হাসি লেগে থাকলেও, ভবিষ্যতের প্রশ্নে সেই হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা।
“একটি ঘর শুধু ইট-পাথরের কাঠামো নয়, একটি পরিবারের নিরাপত্তা, সম্মান ও বেঁচে থাকার শেষ আশ্রয়”—স্থানীয় সমাজকর্মীরা এমন মন্তব্য করে বলছেন, সাদ্দাম হোসেনের পরিবারের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই।
পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এলাকার কিছু উদ্যোগী তরুণ। তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আহ্বান জানিয়েছেন, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ঘর নির্মাণ করে দেওয়া যায় এই অসহায় পরিবারকে।
সহযোগিতার জন্য যোগাযোগ করা যাবে— ফয়সাল ফাহিম: 01647118308, মিরাজ হোসেন: 01712305607। ঠিকানা: নোয়াপাড়া, শাহরাস্তি, চাঁদপুর।
একটি পরিবারের জীবনে সামান্য সহযোগিতাই বয়ে আনতে পারে আশার নতুন আলো। সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।