বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত, স্কুল ক্যাম্পাসেই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
হাজীগঞ্জে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত, স্কুল ক্যাম্পাসেই যুবকের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে আলাউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন আলাউদ্দিন। এতে ওই শিক্ষার্থী ও তার পরিবার বিব্রত ও অতিষ্ঠ হয়ে পড়ে।

পরে বিষয়টি শিক্ষার্থীর পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রধান শিক্ষককে জানায়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের সহযোগিতায় আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর বিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।

Model Hospital

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় আলাউদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, “মেয়েটির মা বিষয়টি আমাকে জানানোর পর আমরা প্রশাসনকে অবহিত করি। পরে প্রশাসনের উদ্যোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হোসেন মোল্লা লিটন বলেন, “আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার ব্যবস্থা করি।”

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, “দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।”

সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতা,নিরাপত্তা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital