বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছোট ভাইয়ের বিয়ের শপিং করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
চাঁদপুরে ছোট ভাইয়ের বিয়ের শপিং করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহিনুর বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর অন্য দুই ভাই-বোন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মাহিনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডি এলাকার তফদার বাড়ির নাসির তফদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। প্রবাস ফেরত ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন মাহিনুরের ভাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বড় বাড়ির মৃত মনু মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮)। অপর আহত বোনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মাহিনুরের চাচা বুলু তফদার কান্নাজড়িত কণ্ঠে জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) মাহিনুরের প্রবাস ফেরত ছোট ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ের কেনাকাটা করার জন্য রোববার দুপুরে বাবার বাড়ি থেকে অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলো সে। কিন্তু পথিমধ্যে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় পৌঁছে একটি (চাঁদপুর-থ ১১- ৭১৭৮) নম্বরের সিএনজি অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী (নারায়ণগঞ্জ- ট ১১-০৫৯৪) নম্বরের ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়ে মাহিনুর বেগম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ওসি আরও বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital