বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ও আনন্দ বাসের একাংশ ও আহত সিএনজি চালক।

চাঁদপুরের ফরিদগঞ্জে যাত্রীবাহী আনন্দ পরিবহন বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  সিএনজি চালক ও দুই নারী যাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের দক্ষিণ পাশে চাড়ুয়া মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন-সিএনজিচালিত অটোরিকশার চালক তাজুল ইসলাম কালু (৪০), সিএনজি আরোহী সালমা আক্তার (১৯) ও মেহজাবিন আক্তার (২২)।
আহত সিএনজিচালক তাজুল ইসলাম কালু উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের দয়াগাজী বাড়ীর আব্দুল হানিফের ছেলে, সালমা আক্তার কাছিয়াড়া এলাকার ইয়াসিন খানের মেয়ে এবং মেহজাবিন আক্তার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপক্ষিয়া এলাকার দিদার হাওলাদারের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে গৃদকালিন্দিয়া বাজার সংলগ্ন চাড়ুয়া মসজিদের সামনে দ্রুতগামী আনন্দ বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ তিন আরোহী রক্তাক্ত ও গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পরপরই আনন্দ বাসের চালক ও হেলপার গাড়ি রেখে চম্পট দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত আনন্দ বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital