বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিদ্যালয়ের লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, স্বাধীনতার পর থেকে দুর্নীতির কারণেই আমরা জাতি হিসেবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি। দুর্নীতি দূর করে সবাই যদি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করত, তাহলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতে পারত। কারণ, আমাদের দেশে সব ধরনের সম্ভাবনা ও সম্পদ রয়েছে।

তিনি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনা করে চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছ। ভবিষ্যতেও নিজেদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিকে ‘না’ বলতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

Model Hospital

অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মমিনুল হক মজুমদার ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বাবুরহাট কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক শেখ নজরুল ইসলাম, শিক্ষানুরাগী আরশাদ আলী মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহসিন মজুমদার লিটন, অভিভাবক সদস্য মো. মাসুদুর রহমান পালোয়ান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ডা. শফিকুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও শিক্ষানুরাগী মো. মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৫ সালে শুরু হওয়া মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ সালে ১০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া একজন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, উচ্চশিক্ষায় উৎসাহ এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী; ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম
রুয়েটের বাসে প্রধানমন্ত্রী; ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্নাইপার সংক্রান্ত একটি মন্তব্য ঘিরে উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তারা মন্তব্যটির বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ওই মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

তবে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা হয় ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা।

Model Hospital

তাদের মতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এমন মন্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তবে মন্তব্যটির উদ্দেশ্য ও এর সঙ্গে কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি এমন কথা বলেছেন তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। তার ভাষ্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে একজন একটি মন্তব্য করেছেন যা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে।