শাহরাস্তিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ টাকা জরিমানা আদায়
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের নির্দেশনায় ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









