চাঁসক শিক্ষার্থী মুশফিকা চট্টগ্রাম বিভাগে ১ম জাতীয় পর্যায়ে ২য়
ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শেষ পর্বের মেধাবী শিক্ষার্থী এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর সাধারণ সম্পাদক মুশফিকা ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নির্ধারিত বক্তৃতা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) এ চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করে।

৫ জুন, রবিবার জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) অংশ গ্রহণ করে মুশফিকা ইসলাম ২য় স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেন। তার এই ফলাফলের জন্য সে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এবং সিসিডিএফ এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, কলেজের সকল শিক্ষকবৃন্দ, সিসিডিএফ এর সকল সদস্য, সকল শিক্ষার্থী, পরিবারের সদস্য এবং চাঁদপুরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মুশফিকা বলেন, ‘আমার এই সাফল্যের পিছনে সকলের সহযোগিতা ও দোয়া ছিল। বিশেষত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ স্যারের সার্বিক তত্ত্ববধানে আমি এতটুকু আসতে পেরেছি। স্যারের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি চাঁদপুর সরকারি কলেজ কিংবা চাঁদপুরের প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ে গিয়েছি এবং চেষ্ঠা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে কলেজের জন্য কিংবা চাঁদপুরের জন্য কিছু করার। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো ভাল করতে পারি।’

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘মুশফিকা ইসলাম চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুরের সম্পদ। সে আমাদের চাঁদপুর সরকারি কলেজ বা চাঁদপুরের অবস্থান জাতীয় পর্যায়ে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরো ভাল করবে। আমি তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’









