বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৪৭ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
মাসুদ হোসেন : দেশব্যাপি চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ছবি তুলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে জন্ম নেওয়া ব্যক্তিদের তথ্য গত ১৩ সেপ্টেম্বর থেকে তালিকাভুক্ত করে ঐসব নতুন ভোটারদের ছবি তোলা ও তথ্য হালনাগাদের প্রথমদিন ৯ নভেম্বর বুধবার ইউনিয়নের ১ থেকে ৬নং ওয়ার্ড পর্যন্ত এর কার্যক্রম সম্পন্ন হয়। বাকী ৭ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম চলবে ১০ নভেম্বর বৃহস্পতিবার।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ১ হাজার ৭৪৮ জন। কার্যক্রমের প্রথম দিনে ইউনিয়নের ১-৬টি ওয়ার্ড থেকে আগত ১ হাজার ১০২ জন ব্যক্তি ছবিসহ ভোটার তথ্য হালনাগাদ করেছেন। এর মধ্যে ৫৪৩ জন পুরুষ ও ৫৫৯ জন নারী।
শাহমাহমুদপুর ইউনিয়নের নতুন ভোটারদের ছবিসহ তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাত মিজি, উক্ত কার্যক্রমের পরিচালক মোঃ আব্দুল কাদিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ছবি তুলতে আসা নতুন ভোটারদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নিয়োজিত আনসার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদেরকে খেয়াল রাখতে অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।